ফরিদপুর শহরতলীর কানাইপুর বিসিক শিল্পনগরীর একটি এসিড কারখানার বিষাক্ত বর্জ্যে ব্যাপক ফসলহানি ও পরিবেশ দূষণের অভিযোগে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে এসে দাঁড়িয়েছেন ফরিদপুর-৩ (সদর) আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। স্থানীয়দের ভোগান্তি ও সুনির্দিষ্ট অভিযোগের খবর পেয়ে দ্রুত উদ্যোগ নিয়ে শনিবার (১২ ই সেপ্টেম্বর) বিকেলে সরজমিনে পরিদর্শনে যান তিনি।

পরিদর্শনকালে সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ ক্ষতিগ্রস্ত এলাকা ঘুরে দেখেন এবং ক্ষুব্ধ কৃষকদের সঙ্গে সরাসরি কথা বলে তাদের সমস্যার কথা শোনেন। স্থানীয় কৃষকরা তাকে জানান, কারখানাটি থেকে নির্গত বিষাক্ত রাসায়নিক বর্জ্য ও ঝাঁঝালো গ্যাস বাতাসে ছড়িয়ে আশপাশের বিস্তীর্ণ খেতের ফসল নষ্ট হয়ে যাচ্ছে। এতে ফসল ব্যবহারের অনুপযোগী হওয়ার পাশাপাশি পুরো এলাকার বাতাসে মারাত্মক ঝাঁঝালো গন্ধ ছড়িয়ে পড়েছে, যা স্থানীয়দের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করছে। ভুক্তভোগীরা অবিলম্বে কারখানাটি বন্ধ করে কৃষি ও জনস্বাস্থ্য রক্ষার দাবি জানান।
ক্ষতিগ্রস্ত কৃষকদের দুর্ভোগ প্রত্যক্ষ করে এবং তাদের অভাব-যোগের কথা গুরুত্বের সাথে শুনে তাত্ক্ষণিক পদক্ষেপের আশ্বাস দেন চৌধুরী নায়াব ইউসুফ। তিনি স্পষ্ট জানান, জনস্বার্থ, পরিবেশ ও কৃষকদের জীবন-জীবিকার ক্ষতি কোনোভাবেই মেনে নেওয়া হবে না। সমস্যা সমাধানে এবং দায়ী প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ও প্রশাসনিক ব্যবস্থা গ্রহণে তিনি সর্বাত্মক ভূমিকা রাখবেন বলে প্রতিশ্রুতি প্রদান করেন।
প্রতিষ্ঠাতা চেয়ারম্যান: জয়নাল আবেদীন(সজীব)
সহ সম্পাদক ও প্রকাশক খান মো: মেহেদী
যোগাযোগ নাম্বার: 01890525480
ইপেপার