স্টাফ রিপোর্টার

মতলব উত্তর উপজেলায় গ্রামীণ পর্যায়ে সাংস্কৃতিক চর্চার প্রসারে নতুন শিল্পকলা একাডেমীর ভবন নির্মাণ করা হলেও তা এখন কেবল কাঠামোর মধ্যেই সীমাবদ্ধ হয়ে পড়েছে। দৃষ্টিনন্দন ভবন রয়েছে, কিন্তু নিয়মিত চর্চা ও প্রশিক্ষণের জন্য শিক্ষক বা প্রশিক্ষক রাখার কোনো সরকারি বরাদ্দ নেই।

খোঁজ নিয়ে জানা যায়,​ বাংলাদেশ শিল্পকলা একাডেমির কেন্দ্রীয় পর্যায় থেকে এখন পর্যন্ত উপজেলা একাডেমির জন্য কোনো প্রশাসনিক বা শিক্ষকের স্থায়ী পদ তৈরি না করায় এই সংকট তৈরি হয়েছে। উল্লেখ্য যে ২০১৮ সালের ১ লা নভেম্বর মতলব উত্তর উপজেলা শিল্পকলা একাডেমীর উদ্বোধন করা হলেও বর্তমানে উপজেলা প্রশাসনের উদ্যোগে শুধু চিত্রাংকনের একটি কোর্স চালু আছে।

সাহিত্য পরিষদ মতলব উত্তরের চেয়ারম্যান কবি আশিকুজ্জামান জানান, দক্ষ প্রশিক্ষক না থাকায় আধুনিক সুযোগ-সুবিধা থাকা সত্ত্বেও ভবনটির মূল উদ্দেশ্য ব্যাহত হচ্ছে। বাধ্য হয়ে কখনো কখনো স্থানীয়দের ব্যক্তিগত উদ্যোগে কিংবা সীমিত পরিসরে উদ্যোগ নেওয়া হলেও বরাদ্দের অভাবে তা স্থায়ী রূপ পাচ্ছে না। ফলে উপজেলার সম্ভাবনাময় অনেক শিশু-কিশোর প্রাতিষ্ঠানিক নির্দেশনার অভাবে নিজেদের প্রতিভা প্রকাশের সুযোগ পাচ্ছে না।

লেখক পরিষদ মতলব এর সাধারণ সম্পাদক কবি নুর মোহাম্মদ খান বলেন, কেবল ভবন নির্মাণ করলেই সংস্কৃতির বিকাশ ঘটে না তার জন্য প্রয়োজন যোগ্য শিক্ষক ও নিয়মিত চর্চা চালানোর বাজেট। দ্রুততম সময়ে কেন্দ্রীয়ভাবে পদ সৃষ্টি করে স্থায়ী শিক্ষক নিয়োগ এবং প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করতে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের হস্তক্ষেপের দাবি জানাচ্ছি।

​এ বিষয়ে চাঁদপুর জেলা কালচারাল অফিসার দিতি সাহা বলেন, উপজেলা শিল্পকলা একাডেমিগুলোতে বর্তমানে সরকারিভাবে স্থায়ী কর্মকর্তা বা প্রশিক্ষকের কোনো অনুমোদিত পদ নেই। তবে উপজেলা পর্যায়ে স্থায়ী পদ সৃষ্টি ও নতুন জনবল নিয়োগের জন্য সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে খসড়া প্রস্তাব পাঠানো হয়েছে। আশা করছি দ্রুতই এর একটি স্থায়ী সমাধান হবে। পাশাপাশি, এই মুহূর্তে একাডেমি সচল রাখতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মহোদয় নিজ উদ্যোগে স্থানীয়ভাবে ব্যবস্থা নিয়ে কার্যক্রম চালু রাখতে পারেন।

এ বিষয়ে উপজেলা শিল্পকলা একাডেমির সভাপতি ও মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদা কুলসুম মনি বলেন, আমাদের এখানে বর্তমানে একটি কোর্স চালু আছে, জেলা প্রশাসনের নির্দেশনা আছে অন্তত চারটি কোর্স চালু করতে হবে আমরা আগামী দুই এক মাসের মধ্যেই প্রশিক্ষক নিয়োগ দিয়ে চারটি কোর্স চালু করব।