ফরিদপুরের নগরকান্দায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে খালের সরকারি জায়গা দখল করে গড়ে তোলা একটি দোকান উচ্ছেদ করা হয়। একই সঙ্গে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির অপরাধে এক বেকারি মালিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার তালমা ইউনিয়নের তালমা ব্রিজ ও তালমা বাজার এলাকায় এই অভিযান পরিচালনা করেন নগরকান্দা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট খায়রুল হাসান।

প্রশাসন সূত্রে জানা যায়, তালমা ব্রিজ এলাকায় স্থানীয় সেলিম মৃধা দীর্ঘ দিন ধরে সরকারি জায়গা দখল করে অবৈধভাবে একটি দোকান পরিচালনা করে আসছিলেন। অভিযানে সেই উচ্ছেদ পরিচালনা করে খালের জায়গা দখলমুক্ত করা হয়।

পরবর্তীতে তালমা বাজারের ‘রিপন মিয়ার বেকারি’-তে ঝটিকা পরিদর্শন চালান ভ্রাম্যমাণ আদালত। সেখানে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য তৈরির প্রমাণ মেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫৩ ধারায় প্রতিষ্ঠানটিকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) খায়রুল হাসান জানান, সরকারি সম্পত্তি রক্ষা ও জনগণের স্বাস্থ্য সুরক্ষা নিশ্চিত করতে এই অবস্থান। জনস্বার্থে এ ধরনের উচ্ছেদ ও নজরদারিমূলক অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

অভিযানকালে নগরকান্দা থানার উপপরিদর্শক (এসআই) ইরানুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল ও স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত থেকে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সহায়তা করেন।