স্টাফ রিপোর্টার:
দিঘলী, চন্দ্রগঞ্জ (লক্ষ্মীপুর):
লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানাধীন দিঘলী ইউনিয়নের ২০৬ নং দিঘলী মৌজায় সরকারি খাস জমি জবরদখল ও ভূয়া কাগজপত্র দেখিয়ে সাধারণ মানুষের কাছে চড়া মূল্যে বিক্রির গুরুতর অভিযোগ উঠেছে স্থানীয় এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে।
অভিযোগ সূত্রে জানা গেছে, দিঘলী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডস্থ ওয়াবদা খালের পশ্চিম পাড়ে গাইন বাড়ীর সম্মুখে অবস্থিত খাস জমি জোরপূর্বক জবরদখল করে তা সাধারণ মানুষের কাছে বিক্রি করার চেষ্টা করছেন বিবাদী মোঃ শাহজাহান হাওলাদার ( পিতা- নূর মোহাম্মদ হাওলাদার, সাং- পশ্চিম দিঘলী)। অভিযোগকারীর দাবি অনুযায়ী, বিবাদী ভূয়া জালিয়াতি ও সাদা কাগজের মাধ্যমে জমি হস্তান্তরের কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নিয়েছেন। এছাড়া প্রতি শতাংশ খাস জমি প্রায় ২,০০,০০০ (দুই লক্ষ) টাকা করে বিক্রি করে সেখানে বহুতল ভবন ও স্থাপনা নির্মাণের প্রস্তুতি হিসেবে ইট, বালু ও রড মজুদ করা হয়েছে।
এদিকে ঘটনা স্থলে গিয়ে দেখা যায়, জমিতে পিলারের জন্য গর্ত খোড়া হয়েছে এবং পাইলিং ও রড বাঁধার কাজ দ্রুত গতিতে চলছে। উক্ত কাজের স্থানে উপস্থিত শ্রমিক মোঃ ইসরাফাত বাদশা (পশ্চিম দিঘলী) এর সাথে কথা বললে তিনি জানান, এই জমি নিয়ে পূর্বে সরকারি বা আইনি বিরোধ এবং মামলা-মোকদ্দমা থাকলেও বর্তমানে আদালতের রায় এবং মালিকানার ওপর ভিত্তি করেই কাজ করা হচ্ছে। তবে স্থানীয় একটি পক্ষের ব্যক্তিগত শত্রুতা ও আপত্তির কারণে নির্মাণ কাজে নানা বাধা তৈরি হচ্ছে বলে তিনি দাবি করেন।
এ বিষয়ে স্থানীয় এলাকাবাসীর পক্ষে আবুল হোসেন (পিতা- আবুল কালাম) জেলা প্রশাসক, লক্ষ্মীপুর বরাবর লিখিত অভিযোগপত্র দাখিল করেছেন। অভিযোগে ২০৬ নং দিঘলী মৌজার ১ নং খতিয়ানভুক্ত ৭০৯, ৭১০, ৭১১, ৭১২, ৭১৩, ৭১৪, ৭১৫, ৭১৬, ৭১৮, ৭১৯, ৭২৩ ও ৭২৪ দাগের সরকারি খাস জমি রক্ষায় এবং অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।
অনুলিপি ইতোমধ্যে উপজেলা নির্বাহী অফিসার (সদর, লক্ষ্মীপুর),
সহকারী কমিশনার (ভূমি) এবং দিঘলী ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তার নিকট লিখিতভাবে প্রেরণ করা হয়েছে। এলাকার সচেতন মহল সরকারি সম্পত্তি রক্ষায় এবং প্রতারণার হাত থেকে সাধারণ মানুষকে বাঁচাতে প্রশাসনের আশু হস্তক্ষেপ কামনা করছেন।