সাইমন:- সড়ক দুর্ঘটনা প্রতিরোধ, ট্রাফিক আইন সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং শিক্ষার্থীদের নিরাপদ সড়ক ব্যবহারে অভ্যস্ত করে তুলতে রাজধানীর বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৩ অক্টোবর ২০২৬) সকালে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ঢাকা মেট্রো সার্কেল-১-এর উদ্যোগে আয়োজিত এ কর্মশালায় দুই শতাধিক শিক্ষার্থী অংশ নেয়।

কর্মশালায় বক্তারা বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে সরকারের পাশাপাশি চালক, যাত্রী ও পথচারীসহ প্রত্যেককে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই ট্রাফিক আইন মেনে চলা, ফুটপাত ব্যবহার, জেব্রা ক্রসিং দিয়ে রাস্তা পারাপার এবং ট্রাফিক সংকেত অনুসরণের অভ্যাস গড়ে তুলতে হবে। আইন মানার মানসিকতা ও জনসচেতনতা বৃদ্ধি করা গেলে সড়ক দুর্ঘটনা কমিয়ে আনা সম্ভব।

শিক্ষার্থীদের নিরাপদ চলাচলে গুরুত্ব
বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ ড. মো. মসিউর রহমান বলেন, শিক্ষার্থীদের শুধু শ্রেণিকক্ষে শিক্ষা গ্রহণ করলেই চলবে না, সড়কে শৃঙ্খলা মেনে নিরাপদে চলাচলের অভ্যাসও গড়ে তুলতে হবে। তারা নিজেরা সচেতন হওয়ার পাশাপাশি পরিবার ও সমাজের অন্যদেরও সচেতন করতে পারে।

বাস্তবভিত্তিক প্রশিক্ষণ ও ভিডিও প্রদর্শনী
কর্মশালায় বক্তব্য দেন বিআরটিএ ঢাকা মেট্রো সার্কেল-১-এর সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) মো. জিয়াউর রহমান ও আব্দুল্লাহ আল নোমান, মিরপুর ট্রাফিক বিভাগের পরিদর্শক আশরাফুল আলম, নিরাপদ সড়ক আন্দোলনের সাধারণ সম্পাদক ইনজামুল হক, নিরাপদ সড়ক চাই-এর কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য মো. কামরুজ্জামান এবং নিরাপদ সড়ককর্মী সফরা জাহান সেবা। অনুষ্ঠান সঞ্চালনা করেন পরিবহনব্যবস্থা বিশ্লেষক পার্থ সারথি দাস।
কর্মশালায় শিক্ষার্থীদের নিরাপদে রাস্তা পারাপার, ফুটপাত ও জেব্রা ক্রসিংয়ের সঠিক ব্যবহার, ট্রাফিক সংকেত মেনে চলা এবং গণপরিবহনে যাত্রী হিসেবে করণীয় বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়। পাশাপাশি বিআরটিএর পক্ষ থেকে সড়ক নিরাপত্তাবিষয়ক ভিডিওচিত্র এবং নিরাপদ সড়ক আন্দোলনের পক্ষ থেকে সচেতনতামূলক প্রদর্শনী উপস্থাপন করা হয়।

জাতীয় নিরাপদ সড়ক দিবস সামনে রেখে উদ্যোগ
আগামী ২২ অক্টোবর জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৬ সামনে রেখে বিআরটিএর এ উদ্যোগের লক্ষ্য শিক্ষার্থীদের মধ্যে ট্রাফিক আইন মেনে চলার মানসিকতা তৈরি এবং নিরাপদ সড়ক ব্যবহারে সচেতনতা বৃদ্ধি করা। দিবসটির প্রতিপাদ্য ‘নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ’।

বক্তারা বলেন, আজকের শিক্ষার্থীরাই আগামী দিনের চালক, যাত্রী ও পথচারী। তাই শিক্ষাজীবন থেকেই তাদের মধ্যে দায়িত্বশীল আচরণ ও আইন মেনে চলার অভ্যাস গড়ে তোলা জরুরি। সংশ্লিষ্টদের প্রত্যাশা, এ ধরনের কর্মশালা শিক্ষার্থীদের সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলার পাশাপাশি সড়ক দুর্ঘটনা প্রতিরোধে ইতিবাচক ভূমিকা রাখবে।