নরসিংদী সদর উপজেলার চরাঞ্চল ব্রিজের ওপর দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে জিহাদ ইসলাম নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় মেহেদি হাসান নামে আরও একজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (২১ অক্টোবর) রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। আহত দুজনকে উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়। জিহাদের অবস্থা সংকটাপন্ন হওয়ায় তাঁকে ঢাকায় রেফার করা হয়। পরে তিনি মারা যান।

আহত মেহেদি হাসান ‘স্টিড ফাস্ট’-এর পণ্য ডেলিভারিম্যান হিসেবে কর্মরত ছিলেন। জানা গেছে, তাঁর অবস্থাও গুরুতর।

নিহত জিহাদ ইসলামের জন্ম নরসিংদী সদর উপজেলার করিমপুর ইউনিয়নের জগৎপুর গ্রামে। তাঁর বাবা মোহাম্মদ আলী। বর্তমানে তাঁরা নরসিংদীর নাগরিয়াকান্দিতে বসবাস করছেন।