
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৪নং চরকাঁকড়া ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী জনাব জাহাঙ্গীর আলম মিরন সাধারণ মানুষের দ্বারে দ্বারে গিয়ে ব্যাপক গণসংযোগ করেছেন। এ সময় তিনি এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে সাক্ষাৎ করেন, তাদের সুখ-দুঃখের কথা শোনেন এবং স্থানীয় জনগণের প্রত্যাশা ও চাহিদার বিষয়গুলো মনোযোগ সহকারে উপলব্ধি করেন।
গণসংযোগকালে সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ও উষ্ণ অভ্যর্থনায় মুখর হয়ে ওঠে পুরো এলাকা। মানুষের ভালোবাসা, আস্থা ও সহযোগিতাকে সঙ্গে নিয়ে একটি সুন্দর, মানবিক, আধুনিক ও উন্নত চরকাঁকড়া ইউনিয়ন গড়ে তোলার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন জাহাঙ্গীর আলম মিরন। তিনি জানান, আজীবন মানুষের পাশে থেকে তাদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করাই তাঁর প্রধান ব্রত।
স্থানীয় রাজনীতি ও সামাজিক কর্মকাণ্ডে সক্রিয় জনাব জাহাঙ্গীর আলম মিরন বর্তমানে বাংলাদেশ মানবাধিকার কমিশন, কোম্পানীগঞ্জ উপজেলা শাখার সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং জনকল্যাণ পরিষদের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি প্রবাসজীবনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি), বার্সেলোনা ও সান্তা কোলোমা শাখার সভাপতির দায়িত্বও সফলভাবে পালন করেছেন।
জনকল্যাণমূলক দৃষ্টিভঙ্গি এবং মানুষের সুখে-দুঃখে পাশে থাকার প্রতিশ্রুতি নিয়ে তাঁর এই গণসংযোগ ও নিরন্তর পথচলা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন এই চেয়ারম্যান পদপ্রার্থী।