
বাকেরগঞ্জ (বরিশাল) প্রতিনিধি :- বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় জোরপূর্বক জমি দখল করে পাকা ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার দুধল ইউনিয়নের গোমা গ্রামের ছত্রাস বাজার সংলগ্ন এলাকায়।
অভিযোগ সূত্রে জানা যায়, গোমা গ্রামের মৃত তমোদ্দিন হাওলাদারের ছেলে মৃত মো. ইসমাইল হাওলাদারের ওয়ারিশ ছোরাফ হাওলাদার, জসিম হাওলাদার, ইসরাত জাহান কলি, নুরজাহান বেগম, জাকির হাওলাদার ও সাইফুল হাওলাদার পৈত্রিক সূত্রে প্রাপ্ত গোমা মৌজার ৩৮৮ নম্বর খতিয়ানের ১৮৪০ নম্বর দাগভুক্ত জমির মালিক।
অভিযোগে বলা হয়, একই এলাকার মোতালেব হাওলাদারের ছেলে মেহেদী হাওলাদার জোরপূর্বক উক্ত জমি দখল করে পাকা ঘর নির্মাণের চেষ্টা করলে জমির মালিকদের পক্ষে জসিম হাওলাদার আদালতে কাজ বন্ধের আবেদন করেন। এর প্রেক্ষিতে বিজ্ঞ আদালত শান্তি-শৃঙ্খলা রক্ষার স্বার্থে উক্ত জমিতে সকল প্রকার কার্যক্রম নিষিদ্ধ করে আদেশ প্রদান করেন।
কিন্তু আদালতের আদেশ অমান্য করে মেহেদী হাওলাদার পুনরায় পাকা দালান ঘর নির্মাণের চেষ্টা চালালে জসিম হাওলাদার আবারও আদালতে আবেদন করেন। পরে আদালত পুনরায় ওই জমিতে সব ধরনের কাজ বন্ধের নির্দেশ দেন।
সরেজমিন পরিদর্শনে গিয়ে মেহেদী হাওলাদারের কাছে আদালতের আদেশ অমান্য করে ঘর নির্মাণের কারণ জানতে চাইলে তিনি বলেন, আমরা আদালত থেকে অনুমতি নিয়ে ঘর নির্মাণ করতেছি।
তবে অভিযোগকারী জসিম হাওলাদার বলেন, আদালত মেহেদী গংদের মালিকানা প্রাপ্ত জমিতে ঘর নির্মাণের অনুমতি দিলেও তারা ১৮৪০ দাগের
আমার পৈত্রিক ও ক্রয় সূত্রে প্রাপ্ত সব জমি ক্ষমতার দাপটে জোরপূর্বক দখল করে পাকা দালান ঘর নির্মাণ করতেছে এবং আমাকে নানাভাবে হুমকি দিচ্ছে।”
এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়রা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।